(আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে)

কৃষ্ণকলি=
কিশোর কিশোরী কৃষ্ণকলি খুব প্রিয় তারা ,
রাতটা যে যার ঘরে, সারাদিন পথে ঘোরা,
লেখাপড়া খেলাধুলা, রোজ স্কুল যাওয়া,
কাঁধে হাত রেখে গলায় গলায়, কত না কথা কওয়া,
যতই বলে হয়না শেষ কথা বলা দুজনার,
প্রেম পিরিতির মানে বোঝেনা আড়ি করে মুখ করে ভার।
কৃষ্ণ – এয় কলি বলনা তোর কবে হবে বিয়ে?
কলি – আমার বিয়ে এই বোশেখে টোপর মাথায় দিয়ে,
শ্বশুরবাড়ি অনেক দুর তিন ক্রোশ হেঁটে যেতে হবে,
তুই ও সঙ্গে যাবি বাবা মা ও সঙ্গে যাবে।
আকাশ থেকে পড়ে কৃষ্ণ এ কি শোনালো কলি,
এই বোধহয় প্রথম মায়ের পায়ে হবে নরবলি!
কৃষ্ণ -তুই কি আর আসবি না একেবারেই যাবি চলে?
মনে কি তোর থাকবে আমায় নতুন সংসার পেলে?
কলি-আসবো ফিরে তোর জন্য ভাবিস না তুই,
তুই ছাড়া আমার জীবনে আর অন্য কেউ নেই।
কৃষ্ণ -বিয়ে হয়ে গেলে তুই কেমন করে আসবি?
শ্বশুর ঘরে গিয়ে তুই কি স্বামীকে ছেড়ে দিবি ?
কলি -ছাড়বো কেন বিয়ের বয়স হয়নিকো এতো বিয়ে বিয়ে খেলা,
ফিরেই দেখিস তোর সঙ্গে যাবো বৈশাখী মেলা,
তোর আমার বয়স এখন মাত্র বারো,
এই বয়সে সংসার করতে ইচ্ছা করে কারো?
কৃষ্ণ -তোকে ছাড়া বাচঁবো না আমি তোকেই ভালোবাসি,
তাই আমি দিনরাত সকাল সন্ধ্যা তোর কাছেই আসি,
বিয়ে বিয়ে খেলাটা বোধ হয় সত্যি ভেবে, তোর বাবা তোর বিয়ে দিয়ে আমায় সাজা দেবে!
ছলছল চোখে কলি বলে -কৃষ্ণ- চিন্তা করিস না,
বিধি ভেঙ্গে আঠারোর আগে এই বিয়ে আমি মানবো না।
মুখ দেখাদেখি হল বন্ধ বিরহ বেদনা নিয়ে কাটলো চৈত্র মাস,
কড়া শাসনে যোগ ছিন্ন ঘরবন্দী কলি, অবশেষে এলো বৈশাখ মাস,
বাল্যবিবাহে কলির প্রতিবাদ শুরু বিয়ের রাতে,
কলি বিয়ের রাতে পালিয়ে গেল অজানা কোন পথে।
হৃদয় মন ভেঙ্গে খান খান কৃষ্ণ খুঁজে ফেরে,
কেউ খবর দেয়নি তারে সত্তর বছর ধরে,
দুহাত এক হয়নি, কলির বিহনে কৃষ্ণ হয়েছে বৃদ্ধ ।
কলির প্রতিবাদ, আইন হয়েছে বাল্যবিবাহ বন্ধ।
শিশুর ভাবনা শেষ হয়েছে সেদিন আর নেই,
বয়স পেরিয়ে গেছে কবে কৃষ্ণকলির সেই যৌবনেই ।
বড্ড ভীড় লোকালটা ধরতে হবে বাগনান ষ্টেশনে ,
সেই স্বরে সেই ডাক- ‘কৃষ্ণ, দাঁড়াও’- হঠাৎ কান শোনে।
ভীড়ের মধ্যে এক বৃদ্ধা কোনরকম তার হাত ধরে ফেলে,
এরপরে আর কোন ট্রেন নেই এই ট্রেন ছেড়ে দিলে।
দুজনের মুখে কথা নেই চোখে চোখ রেখে খালি,
কালের কবলে মানুষ বন্দী নীরব কৃষ্ণকলি।
ট্রেন ছাড়ে হুইসেলের শব্দ বাতাসে থিতিয়ে যায় ,
শুধু পড়ে থাকে দুটি জীবন বর্জ কিছু প্লাটফর্মের কোলাহল মিলিয়ে যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *