🌵সত্তর বছর আগে🌴
সেই পাঁচ সাত বয়স যখন আমার ছেলেবেলা
তিন ক্রোস ডেমুরিয়া গ্রামে বসতো রথের মেলা
বিখ্যাত রথ বালিয়াড়িতে কাজুবাদামের জঙ্গল
রথের চাকা বালিতে গড়ায় চখা আঁখি করতো সবার মঙ্গল
কাজু বাগান দেখিয়ে দাদু চুরি করে বিশ পঞ্চাশ একশ
ব্যাগ ভর্তি বাদাম কাঁধে দিয়ে বলে পেছন পেছন এসো
লক্ষ্য শিশুর ঠাকুর দেখা নয় তেলে ভাজা আর জিলাপি
হরেকরকম খেলনা ধৌড়ী মুগরী হাঁড়ি পখিয়া ঝাঁপি
দাদুর হাত ধরে মেলায় ঘোরা পাছে হারিয়ে যাই
ফ্যালফ্যাল করে জগন্নাথ দেখি দাদুর হাত নেই
চোখ ফেটে জল গড়িয়ে পড়ে দাদুকে কোথায় পাই
পাঁপড় ভাজা খানখান এক ঝটকায় উড়ে গেল
জগন্নাথের বাতাসা লুঠ বালিতে মানুষ গড়াগড়ি খেলো
সন্ধ্যা নামে দাদুর কোন খোঁজ খবর নেই
আজ বুঝি সাঙ্গ হবে ভবলীলা রথের মেলাতেই
হঠাৎ একটা চড় খেয়ে সম্বিত ফিরে পেলাম
দাদুর ক্রোধ আমার দুঃখ কেন আমি হারিয়ে গেলাম
বুঝলাম দাদুর কৌশল আমি হারিয়ে যাইনি
হারিয়ে গেছিল দাদু নিজেই আমায় খুঁজে পায়নি
কাজু বয়ে জামা কালো গায়ের চামড়া কালো
পনের দিন কাটতে দেখি ছাল উঠে গা শ্বেতী হলো
সুদীপ আমি গেলাম সেথায় স্কুটারে মাজনার পাকা রাস্তা ধরে
এখন আমি সেই দাদু তেমন নাতি আর কোথায় পাই সত্তর বছর পরে।
🍂🍂🍂🍂🍂




