বন্ধু
বন্ধু আমার সরল অতি প্রিয় আপনজন,
কষ্ট নেয় দেয় না কষ্ট প্রানখোলা তার মন।
জন্ম তার পাশের গ্রামে নাম আটবাটি ,
ছোট থেকেই পরোপকারী কাজে পরিপাটি।
স্কুল ছিল পাশাপাশি কে বা কারে চিনতো?
বাবা জেঠার যোগ ছিল তারা নাকি জানতো।
পড়া শেষে আমার বন্ধু ব্যাংকে চাকরি পেল,
একদিন যাতায়াতের পথে পরিচয় হলো।
গ্রাম ছেড়ে শহর পানে সংসার করতে এলাম,
দুজনাই জায়গা কিনে ঘর বানালাম।
এক সঙ্গে চাকরী করি পথ একটাই,
সকালে আমার সন্ধ্যায় তার বাড়ি রোজ যাওয়া চাই।
সাড়ে ছফুট লম্বা মাথা ঠেকতো চৌকাঠে,
ফেটে মাথা রক্ত ঝরেছে বলেনি সে মুখ ফুটে।
তার বউ আমার বউ মিলিজুলি জুটি,
বন্ধুত্ব হলো তাদের অন্তর একেবারে খাঁটি।
রান্নায় সেরা বন্ধু আমার সবাই তাকে ডাকে,
বিয়ে হোক পূজা হোক যদি যাই পিকনিকে।
ব্যাংকের চাকুরিয়া কর্মী ভালো হেড ক্যাশিয়ার,
রান্নায় তার জুড়ি নেই হয়েছে পেশাদার।
সকালে আমার ঘরে আসে চা সিগারেট খায়,
প্রানের কথা হয় আমাদের বসে দুজনায়।
বন্ধুরা সব পিকনিকে যায় দীঘার সমুদ্র তীরে,
বন্ধু করে রান্না কাজ আর সবাই বেড়ায় বালুচরে।
আমার ছবি তোলা বড় শখ ক্যামেরা নিয়ে হাতে,
ডাক দেয় বন্ধু আমার ভাত দিয়েছি পাতে।
সমাবেশে তার খাওয়ার দায় আমার ডেকোরেশন,
দুজনেই তখন বড় নেতা লড়িয়ে দিতাম জান।
বন্ধুর কষ্ট করি বারন শোনে না সে কোন কথা,
নেশায় নেশা খায় মনে পেতাম বড় ব্যথা।
সারাদিন অফিস খেটে রাতে হাঁড়ি কড়া,
শরীরের আর কি দোষ? হলো প্রেসার বাড়া।
অনেক বুঝিয়ে পারিনি রান্না কাজ রুখতে,
বারন করে পারিনি ধুমপান ছেড়ে দিতে।
বৌর সঙ্গে আমার রোজ ঝগড়া বন্ধু বোঝায় এসে,
বৌর মার আর সয় না মরবো নাকি শেষে?
না বোঝে বন্ধু না বুঝি আমি সবই তাঁর খেলা,
অবুঝ দুজন বুঝতে চাইনি করেছি অবহেলা।
একদিন চরম রাগে দিলাম গলায় দড়ি,
বৌ ডাকে বন্ধুকে ফোন করে তাড়াতাড়ি।
বন্ধু এসে বডি নামায় খুলে গলার ফাঁস,
ডাক্তার বলে আর একটু হলে হয়ে যেতো লাশ।
দায়িত্ব পালন করলো বন্ধু বাঁচিয়ে আমার জীবন,
এই ঋন হতো না আমার যদি হতো মরন।
আমার জীবন বন্ধু দিল তার জীবন দিতাম যদি,
কদিন বাদে জানা গেল বন্ধুর হয়েছে মারন ব্যাধি।
দিন গোনা শুরু কি করে বন্ধুর ঋণ শোধ করি!
আকাশ পাতাল ভেবে পাগল কোথায় পথ খুঁজে মরি।
দিল্লী বোম্বাই ঘুরলো বন্ধু ডাক্তার মুখ ফিরিয়ে নিল,
বুক ফাটে মুখ ফোটে না হায় বিধি এই কি ভাগ্যে লেখা ছিল!
বিছানায় শুয়ে বন্ধু আমার শুধু তাকিয়ে থাকে,
দুদিন আগে প্রাণচঞ্চল দেখেছিলাম যাকে।
চোখের জল বাধা মানে না সবাই করে হায় হায়,
কি করি কোথায় যাই আমি বড় অসহায়।
বন্ধু আমার গেল চলে সব মায়া কাটিয়ে,
শুধু কান্না রইলো দিয়ে গেল বুকটা ফাটিয়ে।
সব বিপদ তুচ্ছ করে বাঁচালো আমার জীবন,
কেমন বোকা বন্ধু আমার করলো মৃত্যু বরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *